প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, এখন পর্যন্ত জানি এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে তারা বার বার বক্তব্য দিয়েছে। আমরা তাদের ওপর বিশ্বাস রাখছি।তবে, আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে উদ্বেগ যে রয়েছে সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মন্ত্রী।
রোববারার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কিছুটা উদ্বেগ তো আছেই। আমরা খেয়াল রাখছি। আমরা ভারতের ওপর বিশ্বাস রাখতে চাই।
মন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি রোহিঙ্গা সমস্যার সমাধানও দ্রুত হবে। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র যারা মিয়ানমার ও বাংলাদেশে বিনিয়োগ করছে। তাদের বলেছি রোহিঙ্গারা থাকলে অন্যদিক ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরো বলেন, রোহিঙ্গাদের নিয়ে অসৎ উদ্দেশ্য থাকলে তা সফল হবে না। এ অঞ্চলে অনিশ্চয়তা তৈরি হবে।
বিনিয়োগকারীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, নিজেদের স্বার্থে এ সমস্যা সমাধানে সিরিয়াস হতে হবে। কারণ, সন্ত্রাসীদের কোনো বর্ডার নেই, দেশ নেই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনসহ সংশ্লিষ্ট বন্ধু রাষ্ট্রগুলো বিষয়টি আমলে নিচ্ছে। আমার প্রত্যাশা সমাধান আসবে।